আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী আফগানদের জয়ের জন্য ২৬৬ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন ‘টিম টাইগার্স’।
টসে জিতে ব্যাট করতে নামা টাইগারদের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। দৌলত জাদরানের বলে তিনি শাবিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
তবে সৌম্যের ফেরাতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগারদের। ইমরুল কায়েসকে সঙ্গী করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তামিম ইকবাল। আফগানদের বিপক্ষে এটি তামিমের দ্বিতীয় দেখা। এর আগে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে আফগানদের বিপক্ষে টাইগাররা ১১৫ রানের বিশাল জয় পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হন তামিম। মাত্র ১৯ রানেই থামে তামিম ব্যাট।
তবে আজ ফেরার আগে ৮০ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন টাইগার এ ড্যাশিং ওপেনার। আর তাতেই টেস্ট-ওয়ানডে এবং টি২০ ক্রিকেটের তিন সংস্করণে ৯০০০ রানের মাইলফলক পেরোলেন তিনি।
এরপরই তামিমের সঙ্গে ৮৭ রানের পার্টনারশিপ গড়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েস। এরপর দলীয় ১৬৩ রানে তামিম ফিরলে মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসান বাদে অন্য কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর গড়তে না পারলে ২৬৫ রানে থামে টাইগারদের ইনিংস।








