অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ক্রিকেট কোচিং স্কুলকে ডিএল
মেথডে ৯ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে
উঠেছে আবাহনী লিমিটেড।
বৃষ্টি আইনে প্রাইম দোলেশ্বরকে ৭ উইকেটে হারিয়েছে
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর তুমুল বৃষ্টিতে খেলা না হওয়ায় রিজার্ভ ডেতে গড়িয়েছে কলাবাগানের দুই দলের ম্যাচ।
বিকেএসপিতে রাজিন সালেহর ৯৫ এবং সাউফুদ্দিনের ৫০ রানে আবাহনী বিপক্ষে ২০৬ অলআউট হয় ক্রিকেট কোচিং স্কুল। সাকিব আল হাসান নিয়েছেন ৩ উইকেট। জবাবে বৃষ্টি আইনে ১৬৮ রানের নতুন টার্গেটে পায় আবাহনী।
৪ ছক্কা আর ১১ বাউন্ডারিতে ৮৬ বলে ১০৫ রানের বিধ্বংসী এক অপরাজিত ইনিংস খেলেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। ৭০ বলে ৫৩ রান করে নটআউট ছিলেন নাজমুল হোসেন শান্ত।
ফতুল্লায় প্রাইম দোলেশ্বরকে ১৮৮ রানে আটকে দিয়ে বৃষ্টির বাধায় নতুন টার্গেট পায় প্রাইম ব্যাংক। সাব্বির রহমানের অপরাজিত ৬২ এবং ভারতীয় উন্মুখ চাদের ৫৯ রানে ৭ উইকেটের অনায়াস জয় তুলে নেয় ব্যাংক দলটি।
মিরপুরে কলাবাগান ক্রিকেট একাডেমি এবং কলাবাগান ক্রীড়াচক্রের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৪ ওভার। এর মাঝেই ৩৫ রানের একাডেমির ৪ টপঅর্ডার তুলে নেয় মাশরাফির কেকেসি। ১৩ রান দিয়ে ২ উইকেট নেন ক্যাপ্টেন ম্যাশ।










