তামিম ইকবাল ও সৌম্য সরকার। ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসে গোড়াপত্তন করেন দুজনে। বৃহস্পতিবার অনুশীলনে হলেন মুখোমুখি, ভিন্ন ভূমিকায়। তামিম যখন ব্যাটিংয়ে, বোলিং প্রান্তে সৌম্য। স্কিল অনুশীলনের প্রথমদিনে মাশরাফী-তাসকিন-মোস্তাফিজের সঙ্গে বল হাতে দৌঁড়েছেন সৌম্যও। তামিমকে বিস্ময়কর এক বাউন্সারে ভড়কেও দিলেন এ মিডিয়াম পেসার। বাউন্স এতটাই ছিল যে বলই চলে যায় নেটের উপর দিয়ে! তখন বিস্ময়ভরা চোখে তামিম তাকিয়ে রইলেন সৌম্যর দিকে।
ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংটা খারাপ করেন না সৌম্য। তিন ফরম্যাটেই টুকটাক হাত ঘোরানোর অভিজ্ঞতা হয়েছে। ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের আগে বল হাতে ঝালাই করে নিচ্ছেন নিজেকে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ৩২ সদস্যের। তবে স্কিল ক্যাম্পে ছিলেন ৩৪ জন। নতুন দুজন- নুরুল হাসান সোহান ও তানবীর হায়দার। বৃহস্পতিবার সবাই ব্যাটিং-বোলিং নিয়ে কাজ করেছেন শের-ই-বাংলা স্টেডিয়ামে।
সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ায় স্কিল ট্রেনিং শেষ হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং-বোলিং করার সুযোগ হয়েছে ক্রিকেটারদের। ১৫ জানুয়ারি শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ দিবা-রাত্রির।
জাতীয় দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গে বৃহস্পতিবার স্কিল ক্যাম্পে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ সুনীল যোশি। ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, হাই-পারফরম্যান্স ইউনিটের কোচ সায়মন হেলমট ও বিসিবি একাডেমির কোচ চম্পকা রামানায়েকে। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে মাশরাফীদের।








