ইনজুরির কারণে খেলা হয়নি সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও নামেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে রোববার কিম্বার্লিতে শুরু হওয়া সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা অনেকটাই নিশ্চিত তার।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও সম্পর্কে তামিমের চাচা আকরাম খান শনিবার মিরপুরে সংবাদ মাধ্যমকে শোনান আশার কথা, ‘তামিম আগের চাইতে এখন অনেক ভালো। আশা করছি ও কালকে খেলবে। আমার সাথে ফিজিওর কথা হয়েছে। সে বলেছে আমরা ৮০ ভাগ নিশ্চিত যে খেলবে। আজ তামিম অনুশীলন করছে। সন্ধ্যার পরে নিশ্চিত হতে পারব।’
আকরাম মনে করেন তামিম প্রথম ওয়ানডে খেলতে পারলে বাংলাদেশের শক্তি অনেকটাই বাড়বে। টেস্টে সিরিজের হতাশা কাটিয়ে ওয়ানডেতে ইতিবাচক ক্রিকেট খেলবে বলেও আশাবাদী আকরাম, ‘একটা অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে সেটা যে কারও জন্য ভালো। তামিম, সাকিব, মাশরাফী, মুশফিক, রিয়াদ এরা সবাই খুবই ইতিবাচক। ওদেরকে মিস করাই আমাদের জন্য সমস্যা। পুরো দল নিয়ে নামতে পারলে আমার মনে হয় আমাদের শক্তি অনেক বেড়ে যাবে।’
টেস্ট দলের চাইতে বাংলাদেশের ওয়ানডে দল বেশ অভিজ্ঞ। টেস্ট ক্রিকেট না খেলা ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও টেস্ট সিরিজে বিশ্রামে থাকা সাকিব আল হাসান ওয়ানডে দলে যোগ দেওয়ায় চনমনে টাইগার শিবির। তামিম ফিরলে দলের শক্তি আরও বাড়বে।
সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিম ইকবালের। এ চোট নিয়েও পচেফস্ট্রুমে প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে ফিল্ডিং করার সময় আবার সেখানেই চোট পেলে বিশ্রামে চলে যেতে হয় তাকে।









