গুলশানের হলে আর্টিসান বেকারিতে নিহত ২০ জিম্মির মধ্যে নিহত আবিন্তা কবীর (১৮) এবং ফারাজ হোসেন (২০) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এমোরি ইউনিভার্সিটির অক্সফোর্ড কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থী ছিলেন। তাদের মৃত্যু অনেক বড় একটা আঘাত বলে মনে করেন সহপাঠী কিরিশা হ্যারেল।
‘আমরা আসলেই হতভম্ব,’বলেন কিরিশা, ‘আমাদের অনেকেই এ ব্যাপারে কথা বলার অবস্থায় নেই। আমরা একটা পরিবারের মতো ছিলাম। এটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা। এখানে বহু মানুষ তাদের জন্য শোকাহত। আমরা শুধু একে অপরের পাশে দাঁড়িয়ে এই সময়টা পার করার চেষ্টা করছি।’
কিরিশা হ্যারেল জানান, আবিন্তা ও ফারাজ দু’জনেই বুদ্ধিমান ও খাঁটি মনের মানুষ ছিলেন। তাদের কোনো শত্রু ছিল না। ওই দু’জনের সঙ্গে এমোরির অক্সফোর্ড কলেজের একটি ইভেন্ট প্ল্যানিং কমিটিতে কাজ করতেন।
তিনি বলেন, আবিন্তা এবং ফারাজ দু’জনেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং মেধার স্বীকৃতি হিসেবে বিভিন্ন ধরণের একাডেমিক সম্মাননা পেয়েছেন।
যুক্তরাষ্ট্রে পড়ুয়া তৃতীয় নিহত জিম্মি ছিলেন তারুশি জৈন (১৮)। ভারতীয় নাগরিক তারুশি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলির শিক্ষার্থী ছিলেন। তিনি ব্যবসায়ী বাবার সঙ্গে দেখা করতে বাংলাদেশে এসেছিলেন বলে জানায় বার্তা সংস্থা এপি।
শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকারীসহ কমপক্ষে ২৮ জন নিহত হন।







