তাজিকিস্তানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এছাড়াও শক্তিশালী ভূমিকম্পে দুলে ওঠে রাজধানী নয়াদিল্লীসহ ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও।
বিশ্বব্যাপী ভূকম্পন পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিলো তাজিকিস্তানের মারগাব শহরের ১০৯ কিলোমিটার পশ্চিমে এবং কারাকুলের ১১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ২৮.৭ কিলোমিটার গভীরে।
এর প্রায় আধ ঘণ্টা পর (স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিট) আগের কেন্দ্রের ঠিক এক কিলোমিটার দূরেই অনুভূত হয় রিখটার স্কেলে ৪.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে ৪৫.২ কিলোমিটার উৎপত্তি হয় ভূমিকম্পটির। এর প্রায় আধঘণ্টা পর হয় আরেকটি ভূমিকম্প। এর মাত্রাও ৪.৮।
কারাকুলের ৫২ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ২৯.৬ কিলোমিটার গভীরে এর কেন্দ্র রেকর্ড করা হয়েছে।
তবে ভূমিকম্পে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির জরুরি কমিটির মুখপাত্র।
তাজিকিস্তানের প্রতিবেশী দেশ কিরগিজস্তানেও স্থানীয় সময় আড়াইটায় ভূকম্পন অনুভূত হয়। ৫.৫ মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল দেশটির ছায়েক গ্রামের ২৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং ২৬.১ কিলোমিটার গভীরে।
তাজিকিস্তানের প্রথম ভূমিকম্পটির মাত্র এক মিনিট পরই চিলির ইলাপেল অঞ্চল থেকে ৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।







