তাইওয়ানের হুয়ালিয়েন শহরে ৬.৪ মাত্রার ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২শ’রও বেশি মানুষ। আহতদের মধ্যে পর্যটক আছেন অনেক।
ভূমিকম্পের পর থেকে থেকে চলছে আফটারশক।
মূল ভূমিকম্পের উৎপত্তিস্থল হুয়ালিয়েন শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে পূর্ব চীন সাগরে। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুসারে, ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
ধসে যাওয়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত দেড়শ’রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আংশিক ভেঙে পড়া ভবনগুলোর নিচে এখনো আটকা পড়ে আছেন অনেকে।
স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত অন্তত ১৪৫ জন নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিএনএ। আরও জানানো হয়েছে, আক্রান্ত এলাকায় চারটি বহুতল ভবন হয় পুরোপুরি ধসে পড়েছে, নয় বিপজ্জনকভাবে হেলে পড়েছে।
উদ্ধার অভিযান চালাচ্ছে দমকল কর্মীরা। হুয়ালিয়েন শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল। দু’বছর আগে একই দিনে ভূমিকম্পে দেশটিতে ১১৬ জন মানুষ প্রাণ হারিয়েছিল।








