তাইওয়ানে ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার চীনে আঘাত হানলো তাইফুন মেরান্তি। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে আজ বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর শিয়ামেনের কাছে ভূমিধস হয়েছে। সেখানকার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
চীনের দক্ষিণাঞ্চলের অনেকগুলো ফ্লাইট ও ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বাকিদের নিজ নিজ ঘরে থাকতে বলা হয়েছে।
গত ২১ বছরে তাইওয়ানে আঘাত করা সবচেয়ে জোরালো ঝড় এই ‘সুপার তাইফুন’ মেরান্তি। ২২৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগ নিয়ে আক্রমণ করে এটি তাইওয়ানে একজনের মৃত্যু ঘটায়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে এখন প্রায় সাড়ে ৬ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
তাইওয়ানের রাস্তাঘাটে তীব্র ঝড়ের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটিসহ বড় বড় গাছও উপড়ে পড়েছে। এছাড়াও ট্রাকসহ বড় যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।







