শিল্পপতিদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে রপ্তানির পাশাপাশি নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। তরুণ সমাজ এবং নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ম জাতীয় শিল্প মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: শিল্পায়ন ছাড়া একটা দেশ ওপরে উঠতে পারে না। তাই কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। সেজন্য আমাদের উপযুক্ত ট্রেনিং, গবেষণা দরকার। দেশের মধ্যে এমন বাজার খুঁজে বের করতে হবে যাতে বিদেশে ওই বাজারের চাহিদা থাকে।
তিনি বলেন: আমাদের কৃষিপণ্য যেমন মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। শিল্পকে আমরা বহুমুখীকরণ করতে পারি। নতুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শিল্পায়ন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
‘এছাড়া ডিজিটাল ডিভাইস তৈরি করে রপ্তানি করা, এটাও ভালো পণ্য রপ্তানির জন্য। এর মধ্য দিয়ে শিল্পের বহুমুখীকরণ করা যাবে এবং তরুণ সমাজের কর্মসংস্থান তৈরি করা। তরুণ সমাজ এবং নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।’
শিল্প নীতিকে আধুনিকায়ন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: আমাদের দেশ এখন বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এই গর্ব আমাদের ধরে রাখতে হবে।
প্রথমবারের মত জাতীয় শিল্প মেলার উদ্যোগকে প্রশংসা করে শেখ হাসিনা বলেন: এবারে মেলা হওয়াতে শিল্পের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হবে। রপ্তানির ক্ষেত্রে এটা খুব প্রয়োজন।







