রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, স্বাধীনতা অর্জনের পর দীর্ঘদিন ধরে পরাজিত শক্তি তরুণদের নানাভাবে বিপথগামী করার চেষ্টা করেছে এবং এখনও অব্যাহত রেখেছে। এজন্য তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর দেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে অগ্রগতি তার মূলে শিক্ষা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের শিক্ষার হার বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগতমান এখনোও কাঙ্খিত পর্যায়ে পৌঁছায়নি। আর তাই শিক্ষার মান ভালো করার জন্য শিক্ষা বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম বাংলাদেশের মূল্যবান মানবসম্পদ। তাদের হাত ধরে আগামীতে দেশ এগিয়ে যাবে। আর এই যুব সমাজই ছিলো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড়শক্তি। তাই বর্তমান তরুণ প্রজন্ম যাতে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব সবাইকে দিতে হবে।
সরকার তরুণদের বিশ্বব্যবস্থার সাথে সমানতালে চলতে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজকে আহ্বান জানান রাষ্ট্রপতি।






