নির্বাচন কমিশনের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় পেছানো, ইভিএম বাতিল, বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মতায়েনের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার বিকেলে আ স ম আবদুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে এসব দাবি জানায়।
জাতীয় ঐক্যফ্রন্টের ওই প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বরকতউল্লা, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ ও সুলতান মনসুর।
এর আগে ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে ৩ নভেম্বর ইসিকে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
ওই চিঠিতে উল্লেখ্য করা হয়, ‘৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে প্রধানমন্ত্রীর আবারো সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট আবারো প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসার ব্যপারে ইচ্ছুক।’
৪ নভেম্বর নির্বাচন কমিশনের অফিস থেকে তফসিল ঘোষণা করার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
ইভিএমর বিষয়ে বলা হয়, সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। সারা দেশে ৪০২০০ ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে শুধু মাত্র শহরকেন্দ্রিক ভোটকেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে।








