একাদশ জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তফসিল ঘোষণার মধ্যদিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে বলে জানিয়েছে দলটি। সব দল নির্বাচনে অংশ নেবে বলেও আশাবাদ তাদের।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন: আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে মর্মে সিডিউল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর সকল রাজনৈতিক দল একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে এটি আমাদের প্রত্যাশা
ঐক্যফ্রন্টের পুনঃতফসিলের দাবির প্রেক্ষিতে হানিফ বলেন: সেটার কোন প্রয়োজন নেই। প্রতিটি রাজনৈতিক দলই চায় জনগণের সেবা করতে। সেজন্য নির্বাচনে আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসতে হবে। তারা যদি জনগণের সেবা করতে চায়ই, নির্বাচনে আসবে এমনটাই আমরা প্রত্যাশা করি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন: আমরা আশা করি নির্বাচন কমিশন যে সিডিউল ঘোষণা করেছে, সে অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল; সিডিউল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে। দেশের মানুষ এখন আনন্দমুখর। তারা বিশ্বাস করে নির্দিষ্ট সময় ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর।








