করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে শিক্ষার্থীদের সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাময়িকভাবে বন্ধ চেয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার দুপুরে ডাকসু ভবনে এক সভা শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধের আহবান জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি।’
‘‘আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব। তাই বিশ্বব্যাপী এ মহামারি মোকাবেলায় তারা আমাদের দাবিগুলো তারা পূরণ করবে।’’
এ বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, সকল হলের প্রভোস্ট এবং সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে আমরা আলোচনায় বসবো। সেখানে আমরা ঠিক করবো এই সংকটময় অবস্থায় আমাদের কি করণীয়।’
এজিএস সাদ্দাম স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে ৫টি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো: বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ প্রকল্পে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা, সভা-সমাবেশে বিধি-নিষেধ আরোপ, আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা, ঢাবির চিকিৎসা কেন্দ্রে আলাদাভাবে করোনা ভাইরাসের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং গণজমায়েত এবং গণপরিবহন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া।
গতকাল শনিবার রাত থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তারা হলেন- টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মো. হাসান বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কে এম তূর্য, একই বিভাগের অন্য ছাত্র প্লাবন এবং মনোবিজ্ঞান বিভাগের মোহাম্মদ জুনায়েদ হোসেন খান। তারা চারজনই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।








