ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাঁরা অবস্থান নেয়। সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।
সকালে সড়কের উত্তর পাশে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সেখান থেকে সরে যেতে বলে। শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করে। পরে পুলিশ তাঁদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যাওয়ার নির্দেশ দেয়।
শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র শহিদুল ইসলাম বলেন, রুটিনসহ পরীক্ষার সময় ঘোষণা করতে হবে। আর এই ঘোষণা আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব কলেজের বিভিন্ন পরীক্ষার সময় ঠিক করা হয়। এর মধ্যে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হবে ১০ সেপ্টেম্বর। অনার্স তৃতীয় বর্ষের শুরু হবে ১৬ অক্টোবর। ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হবে আগামী ৪ নভেম্বর।










