ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাতের আঁধারে সরকার বিরোধি পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। বুধবার সকালে মধুর ক্যান্টিনে গিয়ে এসব পোস্টার দেখতে পাওয়া যায়। পরে পোস্টারগুলো সরিয়ে ফেলে ছাত্রলীগের কর্মীরা।
পোস্টারে সরকারবিরোধী বক্তব্য ছাড়াও তাদের ইসলামিক ভাবধারার খিলাফত প্রতিষ্ঠার কথা বলা হয়। এছাড়াও খিলাফত প্রতিষ্ঠিত হলে কি কি করা হবে, পোস্টারে উল্লেখ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে পোস্টারগুলো সরিয়ে ফেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে সনজিত চ্যানেল আই অনলাইন-কে বলেন: হিজবুত তাহরীর মতো একটি জঙ্গি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগিয়েছে এটা উদ্বেগের বিষয়। প্রশাসনের অবহেলার কারণেই এমনটি হয়েছে। আমরা যেখানে যতগুলো পোস্টার দেখিছি তা সরিয়ে ফেলেছি।
এ সময় তিনি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।








