নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ভিটি মরজাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ৩ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।
নিহত দু’জন হলেন- পাবনা জেলার মাইক্রোবাসের চালক আবুল কালাম আজাদ ও রাজবাড়ি জেলার মো. ইউনুস। অন্য একজনের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিলো সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসটি। এসময় মাইক্রোবাসটি রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ভিটি মরজাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির চালকসহ তিনজন নিহত হয়। মাইক্রোবাস চালক ছাড়া নিহত বাকি দুজন কোনটির যাত্রী ছিলেন, সেটিও জানা যায়নি এখন পর্যন্ত।
ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান বলেন, আহতরা নরসিংদীর ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে।








