ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচলের জন্য প্রথমবারের মতো নতুন এয়ারবাস ‘এ৩৫০-৯০০ মডেলের মিডিয়াম হউল’ এয়ারক্র্যাফট আনছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আগামি ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন নতুন এই এয়ারবাসটি সিঙ্গাপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিঙ্গাপুরে চলাচল করবে।
এছাড়া প্রতি সপ্তাহের অন্য ৩ টি ফ্লাইটের এয়ারক্র্যাফট অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিঙ্গাপুর এয়ারলাইন্সের বাংলাদেশে মহাব্যবস্থাপক (জিএম) জর্জ রবার্টসন।
অনুষ্ঠানে বলা হয়, ‘এ৩৫০-৯০০ মিডিয়াম-হউল’ এয়ারক্র্যাফটের ২টি ক্লাসে (নিউ বিজনেস ক্লাস ও নিউ ইকোনমি ক্লাসে) ৩০৩ টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস ক্লাসে রয়েছে ৪০টি আসন এবং ইকোনমি ক্লাসে রয়েছে ২৬৩টি আসন।
জর্জ রবার্টসন বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। এ কারণে সিঙ্গাপুর এয়ারলাইনস প্রতি সপ্তাহে ১০টি ফ্লাইট অপারেট করছে। নতুন যে এয়ারবাসটি এই রুটে চলবে তা ভোরে সিঙ্গাপুরে পৌঁছাবে। এতে ভ্রমণকারীরা পুরো দিনটা ভ্রমণ ও ঘোরার সময় পাবেন। এটা পর্যটকদের সাশ্রয় দেবে।
ভাড়ার বিষয়ে তিনি বলেন, ইকোনমি ক্লাসে ভাড়া ২৯ হাজার টাকার এবং বিজনেস ক্লাসে তা ১ লাখ ২৫ হাজার মতো হবে।
নতুন এই উড়োজাহাজের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন তিনি বলেন, এ৩৫০-৯০০ মডেলের এয়ারবাসটিতে রয়েছে অত্যাধুনিক ‘থ্যালেস এভান্ট’ অভ্যন্তরীণ বিনোদন সিস্টেম। এয়ারক্র্যাফটির নকশায় রয়েছে নতুন ইউজার ইন্টারফেস। ভ্রমণকারীরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের নতুন এই এয়ারবাসটিতে স্ব-নিয়ন্ত্রণে মাইক্রিসওয়ার্ল্ডের ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট (আইএফই) উপভোগ করতে পারবেন। পছন্দ ও পূর্বের দেখা কন্টেন্ট হিস্টরি অনুযায়ী বিনোদনমূলক কন্টেন্ট দেখতে পারবেন।
এছাড়া ক্রিসফ্লাইয়ারের সদস্যরা কন্টেন্ট বুকমার্ক করে রাখতে পারবেন এবং পুনরায় সেই কনটেন্ট দেখা শুরু করতে পারবেন। তারা তাদের পছন্দ সই কনটেন্ট ও প্লে-লিস্ট পরবর্তী ফ্লাইটের জন্য সংরক্ষণ করতে পারবেন। ভ্রমনকারীরা সিঙ্গাপুরএয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে পছন্দানুযায়ী প্লে-লিস্ট বাছাই করতে পারবেন। ভ্রমণকালীন সময়ে উচ্চগতি সম্পন্ন ওয়াই-ফাই সুবিধা পাবেন।










