জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে টানা ছয় জয় পেল ঢাকা মেট্রো। বুধবার রংপুর বিভাগকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে দলটি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ২৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মেট্রো।
লক্ষ্য তাড়ায় নেমে ৭ রানে সাজঘরে ফিরে যান নাঈম শেখ। আরেক ওপেনার ইমরানুজ্জামান ফিরে যান ব্যক্তিগত ২৫ রানে। এরপর আনিসুর রহমানকে নিয়ে দলের হাল ধরেন সাদমান। গড়েন ৮০ রানের জুটি। তাতেই জয়ের পথ তৈরি হয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন সাদমান। ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আলিস আল ইসলামের ঘূর্ণিতে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ফলে ৩৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর এনামুল হক এনামের সঙ্গে ৬৪ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন আলাউদ্দিন বাবু।
২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ২টি চারের সঙ্গে মারেন ৫টি ছক্কা। এনাম ২৮ বলে ৩টি ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। ঢাকা মেট্রোর পক্ষে ৭ রানের খরচায় ৩টি উইকেট নেন আবু হায়দার। ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন আলিস।








