ঢাকা-মাসকাট রুটে নতুন ফ্লাইট চালু করেছে ওমান এয়ার। ওমানের সরকারি এ এয়ারলাইন্স ঢাকা থেকে সপ্তাহে ৪ দিন ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে দু’দেশের মধ্যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশীদের যোগাযোগ আরো সহজ হবে বলে দাবি করেছে ওমান এয়ার।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিভিন্ন পেশায় কাজ করেন প্রায় ৬ লাখ বাংলাদেশী। ওমানসহ মধ্যপ্রাচ্যের সকল দেশের সঙ্গে বিমান যোগাযোগ আরো সহজ করতে ঢাকা থেকে যাত্রা শুরু করেছে ওমান এয়ার।
রাজধানীতে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুরুতে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র-এ ৪ দিন এবং ১ ডিসেম্বর থেকে সোম ও বুধবার ঢাকা মাসকাট রুটে ফ্লাইট পরিচালনা করবে ওমান এয়ার। প্রতিদিন ফ্লাইট থাকছে চট্টগ্রাম থেকে।
ফ্লাইটের ভেতরে বাংলাদেশী খাবার এবং সংবাদপত্র দেয়া হবে। দেখানো হবে ইমপ্রেস টেলিফ্লিম এর পুরস্কার পাওয়া চলচ্চিত্র। মধ্যপ্রাচ্যের পর্যটকদের জন্য বাংলাদেশে আসার বিশেষ প্যাকেজ থাকছে ওমান এয়ারে।
রাতে ওমান এয়ারের গালা ডিনারে অংশ নেন সে দেশের নামী-দামী শিল্পীরা।







