ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি ২০২২ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
করোনা সংক্রমণ রোধে আজ ২১ জানুয়ারি ২০২২ মন্ত্রিপরিষদ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি’র অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ৯:০০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। জরুরি পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।
ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।







