ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের কালিহাতী উপজেলার সল্লা ও ভাবলা নামক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের ভূঞাপুর লিংক রোডের নিকট রাজাবাড়ি নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক সিরাগঞ্জের একডালা গ্রামের রফিকুল ইসলাম (৩০) মারা যায়।
এর আগে সকাল ১১টার দিকে একই মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে বাস চাপায় চায়না বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়। তিনি কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ভোলা মন্ডলের স্ত্রী।
দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের দুইজন আহত হয়।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চা ১৫-৭৩৩২) মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এসময় আহত হয় মাইক্রোবাসের আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।








