বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ডায়নামাইটসকে ১৫৮ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইটান্স। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে খুলনা টাইটান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শনিবারের দুপুরটা সুখকর হয়নি টাইটান্সদের। প্রথম ওভারেই রান আউটের খড়গে কাটা পড়তে হয় হাসানুজ্জামানকে (০)।
দলীয় ২৩ রানে ফিরে যান আরেক ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার। তৃতীয় উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও শুভাগত হোম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে মাত্র ২০ বলে চারটি চারে ২৪ রান করে ব্রাভোর বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন শুভাগত।
অপর প্রান্তে আগলে রেখে এবারের বিপিএলের প্রথম ফিফটি তুলে নেয় মাহমুদউল্লাহ। ৩৯ বল খেলে তিনি এ অর্ধশতক পূর্ণ করেন।
চতুর্থ উইকেটে পরানকে নিয়ে ২৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেট জুটিতে তাইবুর রহমানকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৭ রান যোগ করে মাঠ ছাড়েন তিনি।
শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ৪৪ বলে চারটি চার ও ছক্কায় ৬২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন।
ঢাকার বোলারদের মধ্যে ডুয়াইন ব্রাভো দু’টি উইকেট শিকার করে।








