‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিটি প্রথম এসেছিল ১৯৯১ সালে। ওয়াল্ট ডিজনির ছবিটি তখন দর্শক আর সমালোচকদের মন জয়ের পাশাপাশি কোটি কোটি ডলার ব্যবসা করে। পেয়েছে অস্কার মনোনয়ন। মানবীর সঙ্গে প্রাণীর প্রেমের সেই কাহিনীর আবেদন এখনো অটুট আছে। তাই তো পরিচালক বিল কনডন এবার ত্রিমাত্রিক প্রযুক্তিতে ছবিটি র্নির্মাণ করেছেন। ছবিতে ‘বেল’ চরিত্রে অভিনয় করেছেন এমা ওয়াটসন। অভিশপ্ত ও শীতল জন্তুর ভূমিকায় ড্যান স্টিভেনস।
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির পটভূমি ১৭৪০ সালের ফ্রান্স। বেল নামের এক বুদ্ধিদীপ্ত আর স্বাধীনচেতা তরুণীর চমকপ্রদ অভিযাত্রার গল্প। একটা জন্তু তার দুর্গে মেয়েটিকে আটকে রাখে। ভয় পাওয়ার বদলে ওই প্রাণীর সঙ্গে বেলের বন্ধুত্ব হয়। তার ভয়ংকর অবয়বের অন্তরালে যে অনুভূতিপ্রবণ হৃদয় এবং একজন সত্যিকারের রাজপুত্রের সত্তা রয়েছে, মেয়েটি তা বুঝতে পারে।
বিশ্বজুড়ে আগামীকাল শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে। একই দিন থেকে ঢাকার দর্শকেরাও ছবিটি দেখতে পাবেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবর ট্রেলার








