রাজধানী ঢাকায় প্রথমবারের মতো উন্নয়ন ইতিহাস বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং (জিসিএফআইএল) এবং ওপেন একসেস বাংলাদেশের যৌথ আয়োজনে সেমিনারের বিষয় ছিলো: ডেভলপমেন্ট হিস্ট্রি এন্ড বাংলাদেশ: হোয়াই হিস্ট্রি ম্যাটারর্স ফর ডেভলপমেন্ট প্র্যাকটিস।
শুক্রবার রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলায় অনুষ্ঠিত সেমিনারে শিক্ষক, গবেষক, ইতিহাসবিদ এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস ম্যাডিসন ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ড. মাইকেল গুবশের।
সেমিনারে ড. গুবশের তার তথ্যপূর্ণ আলোচনায় ইতিহাস চর্চার গুরুত্ব এবং বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো কিভাবে বিভিন্ন ইতিহাস দায় ধরে রেখেই নিজেদের উন্নয়ন ঘটাতে পারে সে বিষয়ে তার সুচিন্তিত মতামত তুলে ধরেন।
এনজিও এবং প্রোগ্রামের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে কিভাবে জীবনমানের উন্নয়ন করা যায় সে বিষয়েও তিনি আলোচনা করেন।
প্যানেল স্পিকার হিসেবে আলোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. মনজুর আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মামুন আল মাহতাব এবং যমুনা টিভির বিশেষ প্রতিনিধি, সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মিশু।
তারা অধ্যাপক গুবশের এর বক্তব্যের সূত্র ধরেই সুপ্রাচীন কাল হতে বর্তমান পর্যন্ত বাংলা অঞ্চল, জনগোষ্ঠী ও জাতিসত্তার পরিচয় বিশ্লেষণ করেন, এই জাতির সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানগুলো উপর আলোকপাত করেন।
একই সাথে ইতিহাস চর্চা একটি দেশ ও সমাজের উন্নয়নের পথে কতোটা মূল্যবান সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা।









