বিপিএলে চতুর্থ দিনের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। টস জিতে প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান করে রংপুর রাইডার্স।
রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওয়েস্ট ইন্ডিজ তারকা লেন্ডন সিমন্স। ৩৯ বলে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে। এছাড়া থিসারা পেরেরা ২৭ ও অধিনায়ক সাকিব আল হাসান অপরাজিত ২৪ রান করেন।
ঢাকার হয়ে মুস্তাফিজুর রহমান ও ইয়াসির শাহ ২ টি করে উইকেট নেন।
কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন ঢাকার এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয় পেয়েছে ঢাকা। আর সাকিব আল হাসানের রংপুর দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে।
এদিন খেলা শুরুর আগে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির প্রশাসক মোহাম্মদ গোলাম মোস্তফার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।






