চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেও এর আগে নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। আর দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের সেমিতে উঠল বায়ার্ন।
বুধবার রাতে বেনফিকার মাঠে শুরুটা ভালোই করে বায়ার্ন। তবে ২৭ মিনিটে রাউল হিমেনেসের গোলে এগিয়ে যায় পর্তুগীজ ক্লাব বেনফিকা। তবে লিড ১০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি পর্তুগীজ ক্লাবটি। ৩৮ মিনিটে আর্তুরো ভিদালের গোলে সমতায় ফেরে বায়ার্ন। 
বিরতিতে ফিরে এসে বায়ার্নকে এগিয়ে নেন থমাস মুলার। ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক গোল করেন এই জার্মান ফরোয়ার্ড।
তবে ৭৬ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিস্কা।
এরপর আর কোনো দলই গোলের দেখা না পেলে দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠে পেপ গার্দিওলার শিষ্যরা।







