‘প্রাইম এয়ার’ ড্রোন ডেলিভারি সেবা শিঘ্রিই শুরু হচ্ছে বলে জানিয়েছে অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজন। এর আগে এলাকাভিত্তিক পরীক্ষামূলক ড্রোন সেবা চালু করলেও এবার বাণ্যিজ্যিকভাবে সেবাটি চালু করা হচ্ছে। সেবাটির বিভিন্ন সুবিধা বর্ণনা করে রোববার চমকপ্রদ একটি ভিডিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
ড্রোন সেবার মাধ্যমে অনলাইনে অর্ডার দেওয়ার ৩০ মিনিট বা তারও কম সময়ে পণ্য পৌঁছে যাবে ক্রেতার হাতে। প্রকাশিত ভিডিওতে দেখানো হয়, অ্যামাজনের লোগো স্ক্যান করে ড্রোনটি অবতরণের জায়গা চিহ্নিত করছে। ডেলিভারি হাতে পাওয়ার পর আবার দেখা যায় ক্রেতা লোগোটি তুলে ঘরের ভেতর নিয়ে যাচ্ছেন। তার মানে ডেলিভারি পেতে হলে লোগোটি খোলা জায়গায় বিছিয়ে রাখতে হবে।
পণ্য ক্রেতার নির্ধারিত অবতরণের জায়গায় পৌঁছানোর সাথে সাথেই টেক্সট ম্যাসেজের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এভাবে খুব অল্প সময়ে নিরাপদে পণ্য ডেলিভারির নিশ্চয়তা দেওয়া হয়েছে অ্যামাজনের পক্ষ থেকে।
কিন্তু ৩টি কারণে বিশ্বের প্রথম এই বাণিজ্যিক ‘উড়াল-রোবট ডেলিভারি’ সেবাটি এখনও চালু করতে পারেনি অ্যামাজন, যা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সফল ডেলিভারি
অ্যামাজনের পণ্য সংরক্ষণ ও সরবরাহের গোডাউনে বহুসংখ্যক মানুষ কর্মী কাজ করলেও প্রতিষ্ঠানটি তাদের শিপিং সেন্টারগুলোতে পণ্য আনা-নেওয়া করার জন্য ছোট ছোট রোবটের ওপর অনেক বেশি নির্ভরশীল। কাজে একইরকম নৈপুণ্য ধরে রাখতে অ্যামাজন তার ডেলিভারি সেবাতেও রোবট ব্যবহার করতে চাইবে সেটাই স্বাভাবিক।
কিন্তু গোডাউনের মতো তো আর বাইরের জগতকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখানে সমস্যা হলো, যারা অ্যাপার্টমেন্টে থাকে, বাড়ির সামনে নিজের আঙিনা নেই, তারা কি ড্রোন সেবা থেকে বঞ্চিত হবে?
দুর্ঘটনাজনিত সমস্যা
বাণিজ্যিকভাবে ড্রোন সেবা চালু হলে একই এলাকায় অনেকগুলো ড্রোন একই সময়ে পাঠানো হতে পারে ডেলিভারির কাজে। তখন সঠিক পণ্য সঠিক গন্তব্যে পৌঁছাবে কিনা, বা একটি আরেকটির সঙ্গে অথবা অন্য কারো ব্যবহৃত ড্রোনের সঙ্গে সংঘর্ষে পড়ে কিনা সেটিও একটি দুশ্চিন্তার বিষয়।
নিরাপত্তা
অন্যান্য ড্রোন ছাড়াও যান্ত্রিক বা নিয়ন্ত্রণজনিত ত্রুটির কারণে গাছপালা, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটিসহ যে কোনো কিছুতে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটাতে পারে এসব ডেলিভারি ড্রোন। গত সপ্তাহেই ইংল্যান্ডে এক অপটু শখের ড্রোন চালকের ড্রোনের আঘাতে ইংল্যান্ডে এক শিশু তার চোখ হারিয়েছে।
সুতরাং এসব সমস্যার বাস্তব সমাধান এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা না ভেবে সব ঠিকঠাক থাকলেও ড্রোন ডেলিভারি বাণিজ্যিকভাবে শুরু করতে পারছে না অ্যামাজন।






