মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত নারী (২৩) ও শিশুর (২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া দক্ষিণ পাইকসা এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পাই। এরমধ্যে একটি নারী ও একটি মেয়ে শিশু রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মা মেয়ে হতে পারে এবং হত্যাকাণ্ডের পর ঘাতক কিংবা ঘাতকেরা মরদেহ দুটি এখানে ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।







