মার্কিন প্রেসিডেন্টের ভরা কক্ষ। অনেক অতিথি। এমন পরিবেশেই অবজ্ঞাপূর্ণ আসন পাতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে। এ নিয়ে বিভিন্ন দিকে চলছে তুমুল বিতর্ক।
প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে যখন আলাপরত তখনই সামনের সোফায় হাঁটু মুড়ে বসে আছেন তার উপদেষ্টা কেলিয়ান কনওয়ে। তাকে হাতের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প তখন অতিথিদের সঙ্গে ছবি তোলার পোজ দিচ্ছেন।
সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ছবিটি। ফটোগ্রাফাররা তা ছড়িয়ে দেয় বিভিন্ন দিকে। এরপর থেকে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকে কেলিয়ান কনওয়ের তীব্র সমালোচনা করছেন।
মূলত ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ প্রধান কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নেতারা। কথাবার্তার পর তাদের ফটোসেশন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। ঠিক এমন সময় কাণ্ডটি ঘটে।
বিভিন্ন শ্রেণির মানুষ বলছেন, কনওয়ে প্রেসিডেন্টের অফিস এবং কৃষ্ণাঙ্গ নেতাদের অসম্মান প্রদর্শন করেছেন। একজন টুইটারে বলেছেন, ‘কি অবজ্ঞা! কালো রঙের মানুষদের যে ঘৃণা করেন ট্রাম্প প্রশাসনের কর্তারা, কনওয়ের আচরণে তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। যার আপ্যায়ন করার কথা অতিথিদের, তিনি বসে সেলফি তুলছেন সোফায়!’
আরেকজনের মন্তব্য, ‘আপনার আগে বহু মহামানব এই সোফায় বসেছেন। তাদের কথা ভেবে পা নামিয়ে বসুন।’
কেলিয়ান কনওয়ের দেহভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে অনেকে বলেছেন, বৈঠকটিকে যে তিনি মোটেই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না, এই ছবি সেটাই প্রমাণ করে।
তবে কেলিয়ান কনওয়েকে সমর্থন করে অনেকে বলছেন, মিছেমিছি এই ঘটনা নিয়ে চায়ের কাপে ঝড় তোলা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়েকে নিয়ে বিতর্ক এটাই প্রথম নয়। মিস্টার ট্রাম্পের বিতর্কিত ইমিগ্রেশন নিষেধাজ্ঞার সমর্থনে কথা বলতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এমন এক হত্যাযজ্ঞের কথা উল্লেখ করেছিলেন যা আসলে বাস্তবে ঘটেনি। এছাড়া তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভানকার ফ্যাশন ব্র্যান্ডের পক্ষে প্রচার চালিয়েও বিতর্ক সৃষ্টি করেন।









