অলিম্পিক ফুটবলে ঘরের মাঠে টানা দুটি ম্যাচে ১৮০ মিনিট প্রতিপক্ষের জালে
একবারও বল জড়াতে পারেনি ব্রাজিল। তবে নিজেদের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০
গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নেইমারের দল।
ড্র কিংবা হার- দুটি ফলাফলই নেইমারদের অলিম্পিক থেকে ছিটকে দিতে পারতো। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন বারবোসা। একটি করে গোল করেন জেসাস ও লুয়ান। নেইমার গোল করতে না পারলেও দুটি গোলে অ্যাসিস্ট করেন।
বৃহস্পতিবার সকালে সালভাদরে ম্যাচের ২৭ মিনিটে বারবোসার গোলে এগিয়ে যায় ব্রাজিল। দারুণ এক গোল করে সেলেসাও শিবিরে উচ্ছ্বাস ফিরিয়ে আনেন বারবোসা। 
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জেসাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। বিরতির পরপরই দারুণ এক গোল করে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন লুয়ান।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল। জেসাসের শট ডেনিস গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে প্রতিপক্ষের জাল কাঁপান বারবোসা।
সেমিতে উঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।







