ভালোই অস্বস্তিতে পড়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। ঘটনাটা বেশ গোলমেলেই। সাইফের ছবি ব্যবহার করে অনলাইন ডেটিং অ্যাপসে মেয়েদের ধোঁকা দেন এক ব্রিটিশ নাগরিক। আর এ ব্যাপারটা বেশ বিভ্রান্তিকর ঠেকেছে এই বলিউড তারকার কাছে। তার নাম করে মেয়েদের ফাঁদে ফেলার ব্যাপারটা মেনে নিতে পারছেন না তিনি। অবশ্য এরই মধ্যে এই কর্মের মূল হোতা ব্রিটিশ নাগরিক অ্যান্টনি রায়ের সন্ধানও মিলেছে।
ঘটনা হলো, অ্যান্টনি নামের এই ব্যক্তি ‘টিনটার’ নামে একটি অ্যাপসে নিজের ছবির বদলে জুড়ে দেন ‘খান’ সাহেবের ছবি। তার সে ফাঁদে ধরা দেন আন্না নামের আরেক ব্রিটিশ মহিলা। জানা গেছে, এই মহিলা প্রেমে বেশ মজেছিলেন সাইফ রূপি অ্যান্টনির। শুরু হয় মন-দেয়া নেয়াও। কিন্তু প্রতারণা ধরা পড়তে খুব বেশি সময় লাগেনি। আর এতে দারুণ ব্যথিত সাইফ। সেই সাথে বেশ ক্ষেপে গেছেন প্রতারক অ্যান্টনির ওপর।
এক বর্তায় সাইফ বলেন, ‘মহিলার কথা ভেবে খুব খারাপ লাগছে। তার আবেগের সাথে প্রতারণা করা হয়েছে।’
সেই সাথে ৪৬ বছর বয়সী সাইফ এই ধরনের প্রতারণার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন সবাইকে। অনলাইন ডেটিংয়ের বিভ্রান্তির কথাও মনে করিয়ে দেন। বলেন, ‘অনেক জায়গাতেই এমনটি ঘটছে। এমন সম্পর্কে জড়ানোর ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে।’
এ ধরনের ঘটনা–সংঘাত সৃষ্টির পাশাপাশি মৃত্যুর কারণও হতে পারে বলে মন্তব্য জুড়ে দিয়েছেন সাইফ। হিন্দুস্থান টাইমস।








