দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছেন। একই সময়ে আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৫ জন মারা গেলেন।
শুক্রবার ৭ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭২ জন ঢাকার এবং বাকি ১১০ জন ঢাকার বাইরের।
এ ছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১৬৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৫২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।







