ডেঙ্গুজ্বরে একমাত্র ছেলেকে হারিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি খোলা চিঠি লিখেছেন একজন মা। তার সেই চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
রাজধানীর মাস্টার মাইন্ড স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ৭ বছর বয়সী ইরতিজা শাহাদ প্রত্যয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ছেলের শোক কাটতে না কাটতে মা চাঁদ সুলতানা চৌধুরীও আক্রান্ত হয়েছেন ওই ডেঙ্গুতে। চাঁদ সুলতানা জাতীয় রাজস্ব বোর্ডের উপকরকমিশনার পদে কর্মরত আছেন।
ছেলের মৃত্যুর কথা জানানোর পাশাপাশি সিটি মেয়রের প্রতি কিছু প্রশ্ন রেখে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘মাননীয় মেয়র, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী (উপকরকমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড) যার মাধ্যমে গত অর্থবছরে রাষ্ট্র ৬৬৫ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে। আমি রাষ্ট্রের দেয়া গুরুদায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে।
কিন্তু মাননীয় মেয়র, রাষ্ট্র কি আমার বাচ্চার নিরাপত্তা দিতে পেরেছে?
ডেঙ্গু জ্বরে আমি আমার প্রাণের অধিক প্রিয় একমাত্র ছেলেকে হারালাম। এখন আমিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ছয় দিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছি। আমার মেয়ের দুই বছর বয়সে একবার ডেঙ্গু হয়েছিল। আপনি কি নিশ্চয়তা দিতে পারেন আমার মেয়ের আর ডেঙ্গু হবে না? সদ্য ছোট ভাই হারানো আমার ছোট্ট মেয়ে তার মাকেও যখন হাসপাতালের বেডে দেখছে, তখন তার মনের অবস্থা অনুধাবন করার অনুভূতি কি আল্লাহপাক আপনাকে দিয়েছেন? নাকি আমার এই লেখাটিও আপনার কাছে একটি গুজব।’
দেশজুড়ে চলা ডেঙ্গুর প্রকোপে সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছে ১৮ জন, বেসরকারি হিসাবে ৫৬ জন।







