ডুবে যাওয়ার এক সপ্তাহ বেশি সময়ের পরও ইরানি তেলের ট্যাঙ্কার ‘সানচি’ থেকে তেল নিঃসরণ হচ্ছে তিনগুণ হারে।
চীনের স্টেট ওসেনিক প্রশাসন বুধবার এক বিবৃতিতে বলেছে, জরিপে দেখা গেছে এরই মধ্যে ভূ -পৃষ্ঠ থেকে ৩৩২ বর্গকিলোমিটার জায়গা জুড়ে এই তেল ছড়িয়ে গেছে।
চীনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ৬ জানুয়ারি হংকংয়ের রেজিস্ট্রেশনযুক্ত ফ্রেইটার ‘সিএফ ক্রিস্টাল’-এর সঙ্গে পানামার রেজিস্ট্রেশনযুক্ত ইরানি ট্যাঙ্কার সানচি ১ লাখ ৩৬ হাজার টন কনডেনসেট (অতি হালকা অপরিশোধিত তেল) নিয়ে ইরান থেকে সাউথ কোরিয়ার উদ্দেশে যাত্রা করছিল।
যাত্রাপথে চীনের পূর্ব উপকূলে তীর থেকে ২৫৭ কিলোমিটার দূরে ক্রিস্টালের সঙ্গে সেটি ধাক্কা খায়। সংঘর্ষে ট্যাঙ্কারে বিস্ফোরণ হয় এবং ট্যাঙ্কার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে। পরিবেশবাদীরা এ সংঘর্ষের ঘটনাকে পরিবেশের বিশাল বিপর্যয় বলে মনে করছে।
মালবাহী ফ্রেইটার ক্রিস্টালের ২১ জন ক্রুর সবাইকে প্রথমদিকেই উদ্ধার করা সম্ভব হয়। তাদের সবাই চীনের নাগরিক। ৩০ ইরানি ও দুই বাংলাদেশি মিলে সানচির ক্রুদের ৩২ জনের সবাই প্রথমে নিখোঁজ থাকলেও তাদের মধ্যে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে দ্যা গার্ডিয়ান।

সংঘর্ষের কারণ এখনো জানা না গেলেও এই ঘটনায় তিনজন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ঘটনার অনুসন্ধান চলছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে এ ঘটনায় সমুদ্রের পানি দূষণ এবং এর ফলে ওই এলাকায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে।







