ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যে কৃষ্ণসাগরে ডুবে গেছে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ফ্ল্যাগশিপ ‘মস্কভা’। এরআগে গত বুধবার ওই জাহাজে বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশ হয়েছিল। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সেটি ডুবে যায় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রুশ ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণের কথা মস্কো স্বীকার করলেও তার কারণ এখনও জানায়নি। তবে ইউক্রেন দাবি করেছে, তাদের মিসাইল আক্রমনেই রাশিয়ার ওই যুদ্ধজাহাজ ডুবে গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ মস্কভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় ‘উত্তাল সমুদ্রে’ এটি ডুবে যায়। ৫১০ জন ক্রু মাধ্যমে পরিচালিত এই ক্ষেপণাস্ত্র ক্রুজারটি ছিল রাশিয়ার সামরিক শক্তির প্রতীক। মূলত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৌ আক্রমণের নেতৃত্বে ছিল মস্কভা নামের এই যুদ্ধজাহাজটি।
বিবিসি বলছে, ইউক্রেন দাবি করেছে যে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র রাশিয়ার ওই যুদ্ধজাহাজে আঘাত করেছে। তবে মস্কো কোনো হামলার খবর সামনে আনেনি। রাশিয়ার দাবি, আগুন লাগার পর জাহাজটি সমুদ্রে ডুবে যায়।
ইউক্রেনের বন্দরনগরী ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানিয়েছিলেন, ইউক্রেনীয় বাহিনী বুধবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে কৃষ্ণসাগরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। রুশ এই যুদ্ধজাহাজটিতে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
মস্কভা যুদ্ধজাহাজটি রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ। ফ্ল্যাগশিপ জাহাজ হচ্ছে কোনো নৌবহরের নেতৃত্বদানকারী জাহাজ যেটি অধিনায়ক ব্যবহার করেন। নৌবহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশিপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী এবং শক্তিশালী হয়। ক্রুজার মস্কভা ২০০০ সাল থেকে কৃষ্ণসাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিয়ে আসছিল। ইউক্রেনের ওপর হামলার কাজে এখন এই জাহাজটি ব্যবহার করা হলেও ১৯৮০ দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনের একটি ডকইয়ার্ডেই জাহাজটি নির্মাণ করা হয়েছিল।







