ভূয়া নম্বর প্লেট ব্যবহার ও শুল্ক ফাঁকির অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। ঢাকা মেট্রো ঘ-১৪-০৩৪৩ গাড়িটি সোমবার রাতে গুলশান থেকে জব্দ করা হয়।
গাড়িটি শুল্ক ফাঁকি কেনা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জব্দ গাড়িতে ব্যবহৃত নম্বর প্লেটটি অন্য একটি হোন্ডা সিআরভি জীপের।
গাড়ির মালিক কাজী রেজাউল মোস্তফা। ঠিকানা বাড়ি নম্বর ৫জি, রোড নম্বর ১০৪, গুলশান ২। রেজাউল একটি জেনারেটর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।
প্রাথমিক তদন্ত শুল্ক গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন, গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে কেনা হয়েছে এবং শুল্ক আইনের অপব্যবহার করেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গত রাতে (সোমবার) গাড়িটি গুলশান থেকে জব্দ করা হয়েছে । এ ব্যাপারে এখন তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’
গাড়ি জব্দের পর এর মালিক পক্ষের কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের ডিফেন্স করা মতো বক্তব্য নেই। আমরা এখন তদন্ত করে দেখবো এই গাড়ি ব্যবহার করে তারা অন্য কোনো অপরাধ সংগঠিত করেছে কিনা।’








