লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাব চুরির অপরাধে ইয়াসিন (৮) নামের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। শিশু নির্যাতনের সাথে জড়িত অভিযোগে স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। শিশু ইয়াছিন চণ্ডিপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) একই এলাকার আবদুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দু’টি ডাব চুরির করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শিশু ইয়াসিনের বিরুদ্ধে। এ নিয়ে আজ আবদুস সালাম পাটোয়ারী শিশু ইয়াসিনকে বাড়ি থেকে ধরে এনে বাংলাবাজারের একটি দোকানের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন সহ কয়েকজন মিলে ওই শিশুকে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত আবদুস সালাম পাটোয়ারী, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও মো. দেলোয়ারকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের হয়েছে।






