ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অবশেষে সক্রিয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বুধবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান দুপুর ১২টায় অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ducsu.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করে তালিকা দেখা যাবে। খসড়া ভোটার তালিকার সংশোধনী (সংযোজন, বিয়োজন বা পরিমার্জন)-এর জন্য আগামী ৩০ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে। খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল অফিসে সংরক্ষিত থাকবে।
প্রতিবছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচনের পর বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সেই নির্বাচন আর হয়নি। সম্প্রতি উচ্চ অাদালতের নির্দেশে নির্বাচনে উদ্যোগী হয় ঢাবি কর্তৃপক্ষ। ছয় বছর আগের একটি রিট আবেদনের নিষ্পত্তি করে এ বছরের ১৭ জানুয়ারি এক রায়ে হাইকোর্ট ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
কিন্তু সাত মাসেও নির্বাচনের কোন উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠান রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। আদালত অবমাননার মামলার মুখে ২০১৯ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের লক্ষ্য ঠিক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য অক্টোবরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছিলে তারা।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছর যাত্রা শুরু করে ডাকসু। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানসহ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা ছিলেন অগ্রভাগে। স্বাধীন বাংলাদেশেও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রতিবছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচনের পর বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সেই নির্বাচন আর হয়নি।
আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ভোটার তালিকার কাজ শেষ করে ক্ষান্ত হবে না, তারা সত্যিকার অর্থে ডাকসু নির্বাচন করে করে সাধারণ ছাত্র সমাজের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। ছাত্ররাজনীতি গত প্রায় তিন দশক ধরে স্থবির হয়ে আছে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদগুলোর নির্বাচন না হওয়াতে। এই চর্চা বন্ধ হওয়াতে ছাত্র সমাজে রাজনৈতিক দুরবস্থা প্রতিফলিত হচ্ছে প্রকটভাবে। ডাকসুর পাশাপাশি অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আমরা আশা করি।









