ঢাবি প্রতিনিধি: আগামী বিজয় দিবসের আগেই ডাকসু নির্বাচনের দাবিতে শনিবার বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্মৃতি চিরন্তন চত্বরে অনশন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এম এস এস (সান্ধ্যকালীন) দশম ব্যাচের ছাত্র ওয়ালিদ আশরাফ।
তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন অসুস্থ পরিবেশ বিরাজ করছে, শিক্ষার্থীরা প্রতিবাদ করতে ভুলে গেছে, দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে সুষ্ঠু গণতন্ত্র চর্চা । এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে ডাকসু নির্বাচন প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
অনশনের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলেনি বলে জানান তিনি। তার দাবি আদায়ে সফল হবেন এই আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি চান তাহলে এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব।
উল্লেখ্য, ওয়ালিদের বাড়ি রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায়। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট ছাড়াও ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটে হিন্দি সিনিয়র ও রাশিয়ান জুনিয়র কোর্সে অধ্যয়নরত।







