১০ এপ্রিলের আগে ডাকসু নির্বাচনের দাবিতে আবারও অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এম এস এস (সান্ধ্যকালীন) দশম ব্যাচের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। রোববার রাত সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে অবস্থান নিয়েছেন তিনি।
এর আগে ১ এপ্রিল রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ওয়ালিদ বলেন: ‘‘১০ এপ্রিল ২০১৮ এর পূর্বে ডাকসু নির্বাচন আয়োজনের মাধ্যমে আদালতের রায়ের সম্মান রক্ষা ও নিপীড়ন হতে সাধারণ শিক্ষার্থীদের রক্ষার প্রত্যাশায় আবারও অনশনে আমি। ১ এপ্রিল থেকে শুরু হলো আবারও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আন্দোলন! পাশে চাই সারা বাংলাদেশকে।’’
এর আগে গত বছরের ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ডাকসু নির্বাচনের জন্য টানা ১৪ দিন অনশন করেছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে নির্বাচনের আশ্বাস দিলে অনশন ভাঙেন তিনি।
১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ডাকসু থেকে নির্বাচিত ৫ জন প্রতিনিধি সিনেটে থাকার কথা রয়েছে। কিন্তু ১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময়ের পর আর ডাকসু নির্বাচন হয়নি। এর মাঝে ডাকসু নির্বাচনের দাবি তুলে আসছে, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।








