ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণাসহ তিন দফা দাবিতে আগামীকাল প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বরাবর স্মারকলিপি পেশ করবে।
বুধবার বিকেলে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনীকের পাঠানো এক যৌথ বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জালিয়াতির ডাকসু ও হল সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনঃতফসিল ঘোষণাসহ তিন দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে বৃহস্পতিবার আচার্য বরাবর স্মারকলিপি পেশ করা হবে। বেলা ১২ টায় অপরাজেয় বাংলার পাদদেশে থেকে এই কর্মসূচি শুরু হবে।







