জলবায়ু পরিবর্তনকে গুজব বলে উড়িয়ে দেয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের হাতে নিজের প্রযোজিত জলবায়ু পরিবর্তনের তথ্যচিত্রের কপি তুলে দিয়েছেন অস্কারজয়ী তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
সম্প্রতি এক বিশেষ বৈঠকে মিলিত হন ডিক্যাপ্রিও এবং ইভানকা। সেখানেই তথ্যচিত্রটির একটি কপি ট্রাম্পের মেয়ের হাতে তুলে দেন দ্য রেভেন্যান্ট, টাইটানিক, ব্লাড ডায়মন্ড, শাটার আইল্যান্ডখ্যাত অভিনেতা।
‘বিফোর দ্য ফ্লাড’ নামের ৯০ মিনিটের এই ডকুমেন্টারি পরিচালনা করেছেন আরেক নামী নির্মাতা মার্টিন স্করসিস। সময়োপযোগী এই তথ্যচিত্রে আরও আছেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতি সংঘের মহাসচিব বান কি মুন, এলন মাস্ক এবং পোপ ফ্রান্সিস।
ওবামার সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে এযাবৎ কাজ করা ডিক্যাপ্রিও এখন চান নতুন প্রেসিডেন্টের সময়েও এই বৈশ্বিক হুমকি মোকাবিলায় আন্তরিক থাকুক আমেরিকা।
এজন্যই ট্রাম্প পরিবারের নির্ভরশীল শক্তি হিসেবে সবার সামনে আসা ইভানকা ট্রাম্পকেই পাশে পেতে চান এই গুণী অভিনয় শিল্পী।










