মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে শুরু হয়েছে কড়াকড়ি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ঢুকতে নিষেধাজ্ঞা জারির পর অভিবাসীদের পাশে দাঁড়িয়েছে গুগল, অ্যাপল, নেটফ্লিক্সের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
অভিবাসীদের জন্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা আরও মজবুত করতে ৪০ লাখ মার্কিন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে গুগল।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এই ঘোষণা দেন। তার মতে ট্রাম্পের অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গুগলের প্রায় ২০০ জন কর্মকর্তা বিপদে পড়বেন। তাদের পরিবারের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।
তিনি জানাচ্ছেন, গুগলের ওই কর্মীরা প্রতিষ্ঠানের কাজে বিভিন্ন দেশে আছেন। ট্রাম্পের সিদ্ধান্তের কারণে তারা অনাকাঙ্ক্ষিত সমস্যা পড়ে যেতে পারেন।
এ দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত অবশ্য ট্রাম্পের সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে।
ফেব্রুয়ারিতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা। সেই শুনানি পর্যন্ত ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তা অকার্যকর হয়ে থাকবে।







