আন্তর্জাতিক

ট্রাম্পের কর্মচারী হওয়ায় রেস্টুরেন্টে জায়গা পেলেন না সারাহ স্যান্ডার্স!

সারাহ স্যান্ডার্স-হোয়াইট হাউজ-ডোনাল্ড ট্রাম্প

পরিবারসহ এক রেস্টুরেন্ট থেকে বের করে দেয়া হয়েছে হোয়াইট হাউজ প্রেস সচিব সারাহ স্যান্ডার্সকে। তার অপরাধ, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে কাজ করেন!

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লেক্সিংটনে রেড হেন রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের নিয়ে খেতে যান সারাহ। ওই সময় রেস্টুরেন্টের মালিক স্টেফানি উইলকিনসন তাদের কাছে গিয়ে তাদের সবাইকে বেরিয়ে যেতে বলেন।

স্টেফানি তাদের বলেন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সারাহকে সপরিবারে বের করে দিচ্ছেন তিনি। তার বিশ্বাস, সারাহ স্যান্ডার্স একটি ‘অমানবিক ও নীতি বিবর্জিত’ প্রশাসনের হয়ে কাজ করছেন।

এর জবাবে অবশ্য সারাহ কোনো উত্তপ্ত বাক্য ব্যয় ছাড়াই বেরিয়ে যান। টুইটবার্তায় তিনি বলেছেন: তার (স্টেফানি উইলকিনসন) আচরণ আমার চেয়ে তার পরিচয়ই বেশি তুলে ধরেছে।

এমন আচরণের পরও বিরোধী ব্যক্তিদের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধার চোখেই দেখবেন বলে জানিয়েছেন তিনি।

এর কয়েকদিন আগেই অভ্যন্তরীণ সচিব কার্সজেন নিলসেন ওয়াশিংটন ডিসির একটি মেক্সিকান রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে থাকা লোকজনদের প্রতিবাদ ও তিরস্কারের শিকার হন।

এ সবগুলো ঘটনাই সম্প্রতি মার্কিন প্রশাসনের গৃহীত এক বিতর্কিত নীতির প্রতিক্রিয়া। ওই নীতি অনুসারে মূলত আমেরিকায় অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের মেক্সিকোর সঙ্গে সীমান্তেই তাদের সন্তান থেকে বিচ্ছিন্ন করা হচ্ছিল।

এই আইনের অধীনে মে ও জুনে প্রায় ২ হাজার ৩শ’ শিশুকে বাবা-মায়ের কাছ থেকে আলাদা করে দেয়া হয় এবং কাগজপত্র বিহীন ওই অভিবাসীদের গ্রেপ্তার শুরু হয়।

তবে কঠোর সমালোচনা আর ঘরে-বাইরের চাপের মুখে অবশেষে এই বিতর্কিত আইন প্রয়োগ না করার সিদ্ধান্তের কথা জানিয়ে বুধ এক নির্দেশনামায় সই করেন ডোনাল্ড ট্রাম্প।

বিষয়:অবৈধ অভিবাসী অভিবাসন আইন ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…