মুসলিম-প্রধান ৭টি দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে শরণার্থী, অভিবাসী ও ভ্রমণকারী প্রবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা দেশজুড়ে সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন কেন্দ্রীয় বিচারক।
সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট আদেশটি জারি করেন। প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে কোনো অঙ্গরাজ্যের বিচারক চ্যালেঞ্জ করতে পারেন না বলে সরকারি আইনজীবী যে দাবি করেছিলেন, তাও নাকচ করে দিয়েছেন তিনি।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের জারি করা ওই আদেশে দেশটিতে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে বিবিসি জানায়, এ পর্যন্ত ষাট হাজার ভিসা বাতিল করা হয়েছে।
যে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়, তার মধ্যে রয়েছে, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান আর ইয়েমেন। ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন অঙ্গরাজ্য প্রথম মামলা করে। পরে মিনেসোটা রাজ্য তাদের সঙ্গে যোগ দেয়।
ওয়াশিংটনের রাজ্য অ্যাটর্নি জেনারেল বব ফারগুসন বলেছেন, ট্রাম্পের আদেশটি অবৈধ ও অসাংবিধানিক। কেননা মানুষের ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে এটি বিভেদ তৈরি করছে।
সিয়াটল ফেডারেল আদালতের জারি করা নতুন স্থগিতাদেশ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।







