শেরপুরে পাথর ভর্তি ড্রামট্রাকের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। নালিতাবাড়ী-নকলা সড়কের নালিতাবাড়ী উপজেলার বাটিকামারি এলাকায় শনিবার রাত নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে তজুমুদ্দীন তারা (৩৭) নামে ইজিবাইক চালক ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থায় আফাজ উদ্দিন নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথর ভর্তি ড্রামট্রাকটি নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর হতে ময়মনসিংহ যাওয়ার পথে বাটিকামারি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকটি ধুমড়ে-মোচড়ে যায় এবং চালক তজুমুদ্দীন তারা’র রাস্তায় উল্টে পড়লে সমস্ত শরীর থেতলে মাথার মগজ ছিটকে বের হলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। গুরুতর আহত হন ইজিবাইকের ৫ যাত্রী।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা ড্রামট্রাক-ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।









