কুমিল্লার ময়নামতি এলাকায় ড্রামট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচজন নিহতের ঘটনায় চালক রাকিবুল হাসান রবিনকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুর্ঘটনায় নিহত জুলহাস মিয়ার ছেলে স্বপন অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে র্যাব।
কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, চালক রবিনের ড্রাইভিং লাইসেন্স নাই। এছাড়া দুর্ঘটনার আগের রাতে বেশি কমিশনের আশায় রাতভর বিরামহীন ড্রাইভিংয়ের কারণে ভোরবেলায় কুয়াশার মধ্যে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তাই এই দুর্ঘটনা ঘটেছে। পরে চালক রবিন দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব জানায়, ট্রাকের মালিকও আত্মগোপনে রয়েছে। চালক রবিনকে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ময়নামতির তুতবাগান এলাকায় নাম্বারবিহীন মাটিবাহী ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হয়। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে হস্তান্তর করা হয়।










