বল হাতে শুরুটা আশাজাগানিয়াই হয়েছিল। এরপর থেকে অভিষেক টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড সাদা পোশাকের কঠিন পরীক্ষাটা টের পাচ্ছে! শুরুর ধাক্কা সামলে ব্যাটে প্রতিরোধ গড়া পাকিস্তান, আইরিশদের ফলোঅনে ফেলেছে।
ডাবলিনের ম্যালাহাইডে শনিবার ৭৬ ওভার খেলে ৬ উইকেটে ২৬৮ রান তুলে দিন শেষ করেছিল পাকিস্তান। রোববার ৯ উইকেটে ৩১০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে। পরে নিজেদের প্রথম ইনিংসে ধুঁকেধুঁকে ১৩০ পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুটা দারুণ করেছে তারা, কোনো উইকেট না হারিয়েই ৬৪ রানে পৌঁছে গেছে আয়ারল্যান্ড। উইলিয়াম পোটারফিল্ড ২৩ ও এড জয়েস ৩৯ রানে চতুর্থদিনের লড়াই শুরু করবেন।
তৃতীয়দিনে একশ পেরোনো সংগ্রহের পথে আয়ারল্যান্ডের সর্বোচ্চ ইনিংসটি এসেছে কেভিন ওব্রায়েনের থেকে, ৪০ রানের ইনিংস। স্টার্লিং ১৭, রেনকিন ১৭ ও শেষদিকে উইলসন অপরাজিত ৩৩ রানের ইনিংস খেললে আরও আগে গুটিয়ে যাওয়া থেকে বেঁচেছে আইরিশরা। সাত ব্যাটসম্যান দুঅংক ছুঁতে পারেননি, যার তিনজন রানের খাতাই খুলতে পারেননি।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৪টি, শাদাব খান ৩টি ও মোহাম্মদ আমির ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে সফরকারীদের তিনশ পেরোনোর পথে ফাহিম আশরাফের ৮৩, শাদাব খানের ৫৫, আসাদ শফিকের ৬২ রান ভূমিকা রেখেছে। টিম মুরতাগ ৪টি, স্টুয়ার্ট থম্পসন ৩টি ও বয়ড রেনকিন ২টি করে উইকেট নিয়েছেন আইরিশদের হয়ে।







