২০১৯ সালের পর টেস্ট দলের দরজা আর খোলেনি। ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে রান করলেও তরুণদের দিকে ঝুঁকেছেন নির্বাচকরা। অভিমানে লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইমরুল কায়েস। বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলা বাঁহাতি ওপেনার আগামী ১৬ নভেম্বর জাতীয় ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ড খেলে সাদা পোশাক তুলে রাখবেন। অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন ৩৭ বর্ষী ইমরুল।
বলেছেন, ‘আমি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমার জন্য কঠিন এবং আবেগের একটি মুহুর্ত। ১৬ নভেম্বর টেস্ট ক্রিকেট ও ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি।’
২০০৮ সালের নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক ইমরুলের। দেড় দশকের ক্যারিয়ারে ৭৬ ইনিংসে করেন ১,৭৯৭ রান। করেন তিন সেঞ্চুরি ও চার ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি ১৫০ রানের।
ইমরুল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৩৭টি। করেছেন ৭,৯৩০ রান। শেষ ম্যাচে আর ৭০ রান করলে ৮ হাজারি ক্লাবে নাম লেখাবেন খুলনা বিভাগের ক্রিকেটার।
চলতি জাতীয় লিগে ইমরুলের সবশেষ ইনিংসটি ৭৬ রানের। ছন্দে থাকা অবস্থায় লাল বলের ক্রিকেট থেকে আচমকা বিদায় নিয়ে নিলেন।








