টেস্টে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি ৫০ শতাংশ বাড়িয়েছে বিসিবি। রোববার বোর্ড সভায় অনুমোদন দেয়া হয় নতুন বেতন কাঠামো। সাদা পোশাকে খেললে আগে মুশফিক-তামিমরা পেতেন ৪ লাখ টাকা। এখন থেকে পাবেন ৬ লাখ।
২০১৭ সালের এপ্রিলে প্রায় দ্বিগুণ করা হয়েছিল টেস্টের ম্যাচ ফি। ২ লাখ থেকে বেড়ে করা হয় সাড়ে ৩ লাখ। পরের বছর বাড়ে আরও ৫০ হাজার।
ওয়ানডে, টি-টুয়েন্টিতেও বেড়েছে ম্যাচ ফি। ওয়ানডেতে আগে ক্রিকেটাররা পেতেন ২ লাখ। নতুন কাঠামোয় পাবেন তিন লাখ করে। টি-টুয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার থেকে বেড়ে করা হয়েছে ২ লাখ টাকা।
বছরের প্রথম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এরমধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যেটা প্রস্তাব করেছি সেটাতে ২ লাখ টাকা টি-টুয়েন্টিতে, প্রতিটি খেলোয়াড় প্রতিটি ম্যাচে পাবে। ৩ লাখ টাকা পাবে ওয়ানডেতে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবে ৬ লাখ টাকা। টেস্টে আমরা ৫০ ভাগ বাড়িয়েছি। আগে ছিল ৪ লাখ টাকা।’







